বিডি নিউজ ৬৪: ভোলার লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টুর বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শনিবার দুপুরে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে এলাকার দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, গত ২২ মার্চ নির্বাচনকে কেন্দ্র করে ৬ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী জাকির হোসেনের হাতের কব্জি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায় মিন্টু চেয়ারম্যানের লোকজনের বিরুদ্ধে। কিন্তু প্রাণনাশের ভয়ে জাকিরের পরিবার আজো মামলা দেয়নি। বরং নির্বাচনে মিন্টু চেয়ারম্যানের বিরোধিতা করায় জাকিরের পরিবারের লোকজন ও কর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছেন তিনি। মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানির প্রতিবাদে এ মানববন্ধন পালন করা হয় বলে জানান তাঁরা।
লালমোহন থানার ওসি মিন্টু চেয়ারম্যানের পক্ষে কাজ করেন বলেও অভিযোগ করেন বক্তারা। এ সময় তাঁরা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল