বিডি নিউজ ৬৪: আজ বৃহস্পতিবার সাতক্ষীরার জেলা পরিষদ নির্বাচনে দুই ইউনিয়নের নির্বাচনের ভোটার তালিকা দুই মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। পৃথক দুটি রিট আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট রুলসহ এই আদেশ দেন।
এ আদেশের ফলে এখন সাতক্ষীরায় জেলা পরিষদ নির্বাচনের সুযোগ নেই বলে জানিয়েছেন আবেদনকারীর আইনজীবীরা।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
এ ব্যাপারে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, ওই দুই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদস্যদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এছাড়া ওই দুই ইউনিয়নের ভোটার তালিকা দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে।
প্রসঙ্গত, ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গত ২০ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ করে। এ তালিকায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমানসহ রমজাননগর ইউনিয়নের ২০ সদস্যের নাম অন্তর্ভুক্ত না হওয়ায় গত রবিবার এই দুটি ইউনিয়নের ২০ জন প্রতিনিধির পক্ষ থেকে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সেই রিটের প্রাথমিক শুনানি শেষে আজ বৃহস্পতিবার আদালত ওই দুই ইউনিয়নের ভোটার তালিকার কার্যকারিতা দুই মাসের জন্য স্থগিত করেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল