বিডি নিউজ ৬৪: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ১২ হাজার পিস ইয়াবা ও এক লাখ সাত হাজার টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। শুক্রবার দিনগত রাতে উপজেলার একলাশপুর বাজারের কাছ থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের আমিন উল্লার ছেলে আমির হোসেন আলী (৩৫), একই উপজেলার শরিফপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের নুরুল হকের ছেলে আনোয়ার হোসেন মাসুদ (৩৩) ও মোজাফ্ফর আলীর ছেলে জামসেদ আলম (৩২)।
নোয়াখালী ডিবি পুলিশের পরিদর্শক আতাউর রহমান ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে একলাশপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১২ হাজার পিস ইয়াবা ও এক লাখ সাত হাজার টাকাসহ ওই তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল