বিডি নিউজ ৬৪: জয়পুরহাটের কালাইয়ে বাড়ির সীমানায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে আমজাদ হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার ইটাইল গ্রামে এ ঘটনা ঘটে।কালাই থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ইটাইল গ্রামের আমজাদ হোসেনের সঙ্গে বাড়ির বেড়া দেওয়া নিয়ে প্রতিবেশী আনছার আলীর বিরোধ হয়। এ সময় উভয় পক্ষের বাকবিতণ্ডার একপর্যায়ে মারামারি শুরু হলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান আমজাদ হোসেন। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর আনছার আলী পলাতক থাকলেও পুলিশ তরিকুল ও তার মা লাল বিবিকে আটক করে থানায় নেয়।
কালাই থানার ওসি সিরাজুল ইসলাম জানান, বাড়ির সীমানায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটে। ঘটনায় জড়িত ওই গ্রামের আনছার আলী পালিয়ে গেলেও পুলিশ তার ছেলে তরিকুল ইসলামকে আটক করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তরিকুলের মা লাল বিবিকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল