বিডি নিউজ ৬৪: নানা আয়োজনে সাভারে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আজ শুক্রবার সকাল ৯টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) সাভারের আয়োজনে এবং সাভার উপজেলা এনজিও সমন্বয় পরিষদ ও বাংলাদেশ মহিলা পরিষদ সাভার শাখার সহযোগিতায় সাভার ঢাকা-আরিচা মহাসড়কের গেণ্ডা বাসস্ট্যান্ড থেকে সাভার থানা স্ট্যান্ড পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধনের আয়োজন করা হয়।
স্থানীয় সংসদ সদস্য ডা. মো. এনামুর রহমান মানববন্ধনে অংশগ্রহণ করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সততা সংঘের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, সরকাররি ও এনজিও কর্মকর্তা-প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি পেশার মা্নুষ দুর্নীকিবিরোধী বিভিন্ন স্লোগান লেখা প্লাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আযোজন করা হয় দুর্নীতিবিরোধী আলোচনা সভা। পাশাপাশি বিভিন্ন স্কুলের শিশুদের নিয়ে আয়োজন করা হয় মুক্তিযুদ্ধ ও গ্রামবাংলা নিয়ে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ডা. মো. এনামুর রহমান। অন্যদের মধ্যে অলোচনায় অংশ নেন সনাক সভাপতি অধ্যাপক দীপক কুমার রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শওকত মাহমুদ, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন খান নঈম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহান, বাংলাদেশ মহিলা পরিষদ সাভার শাখার সভাপতি পারভীন ইসলাম, সনাক সদস্য জয়নাল আবেদীন খান প্রমুখ।
বক্তারা বলেন, দুর্নীতি বন্ধ করতে না পারলে দরিদ্রতা কমবে না, সুশাসন প্রতিষ্ঠাও সম্ভব নয়। তাই দুর্নীতি প্রতিরোধে সবাইকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে। দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় পর্বে বিকেলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের বেগ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল