বিডি নিউজ ৬৪: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের উত্তেজনার জেরে শাহ আমানত ও শাহজালাল হলে পুলিশের তল্লাশি চলছে।
শুক্রবার দুপুর দেড়টার দিকে এ তল্লাশি শুরু হয়।
হাটহাজারী থানার ওসি জালাল মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ছাত্রলীগের বিবদমান দুই গ্রুপের মধ্যের সংঘর্ষের ঘটনায় আমরা এখন উভয় হলে তল্লাশি চালাচ্ছি। তল্লাশি শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না।
শুক্রবার বেলা ১১টার দিকে ছাত্রলীগের কর্মী ফাহিম হাসান শাহজালাল হলের সামনে নাস্তা করতে গেলে সুজন গ্রুপের কর্মীরা তার ওপর হামলা চালায়।
তারপর উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শাটল ট্রেনে কথাকাটাকাটির জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি টিপু গ্রুপ ও সাধারণ সম্পাদক সুজন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ১৫ জন আহত হন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শহর থেকে ছেড়ে আসা রাতের ট্রেনে সাধারণ সম্পাদকের অনুসারী তৌহিদুল ইসলামের সঙ্গে সভাপতি পক্ষের ইকবাল হোসেনের কথাকাটাকাটি হয়। এরপর সংঘর্ষ বাধে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল