কক্সবাজারে রোগীর স্কুলছাত্রী মেয়েকে ধর্ষণের অভিযোগ
কক্সবাজারে রোগীর স্কুলছাত্রী মেয়েকে ধর্ষণের অভিযোগ

কক্সবাজারে রোগীর স্কুলছাত্রী মেয়েকে ধর্ষণের অভিযোগ

বিডি নিউজ ৬৪: কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক রোগীর স্কুলছাত্রী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক মেজবাহ উদ্দিন আহমদ জানান, সোমবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে বলে স্কুলছাত্রীর পরিবার অভিযোগ করেছে।

তবে তারা কাউকে শনাক্ত করতে পারেনি। স্কুলছাত্রী ওই উপজেলার সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। তাদের বাড়ি উপজেলার জালিয়াপালং ইউনিয়নের একটি গ্রামে। স্কুলছাত্রীর মা ডায়রিয়া আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন। তত্ত্বাবধায়ক মেজবাহ উদ্দিন স্কুলছাত্রীর মায়ের বরাত দিয়ে বলেন, রাত ১টার দিকে স্কুলছাত্রী ওয়াশ রুমে গিয়ে ফেরার পথে পাঁচ-ছয় যুবক তাকে তুলে নিয়ে যায়।

ঘণ্টা দেড়েক পরে তাকে হাসপাতালসংলগ্ন কবরস্থানের পাশে বিবস্ত্র অবস্থায় পেয়ে স্থানীয়রা উদ্ধার করে। ঘটনাটি মঙ্গলবার সকালে শোনার পর পুলিশকে মৌখিকভাবে অবহিত করেছি। স্কুলছাত্রীর মা বলেন, ঘটনাটি হাসপাতালের তত্ত্বাবধায়ককে জানানোর পর অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক বেশি বাড়াবাড়ি না করার জন্য আমাকে হুমকি দিয়ে গেছে। হুমকির কারণে মামলা করতে সাহস পাচ্ছেন না বলে জানান তিনি। চিকিৎসা শেষে মঙ্গলবার সকালেই তিনি মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যান। এ বিষয়ে ওই সময় হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক আরেফিন মেহের রুমীর মোবাইল নম্বরে ফোন করা হলে তিনি পরিচয় গোপন করে বিষয়টি এড়িয়ে যান।

ঘটনা তদন্ত করতে মঙ্গলবার রাতে স্কুলছাত্রীর বাড়ি গিয়ে কথা বলেছেন উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের। তিনি বলেন, হাসপাতালের চিকিৎসক ও স্থানীয়দের কাছে বিষয়টি শুনেছি। পরিবারটি এখনও কোনো অভিযোগ দেয়নি। এ ব্যাপারে খোঁজ-খবর নিতে মঙ্গলবার রাতে তাদের বাড়ি পরিদর্শন করেছি। পুলিশ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বলে জানান ওসি খায়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *