বিডি নিউজ ৬৪: মানিকগঞ্জে এজতেমার বাস খাদে পড়ে হওয়া দুর্ঘটনায় আরো একজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার মুলজানে হওয়া এ দুর্ঘটনায় তাৎক্ষনিতভাবে একজনের মৃত্যুর বিষয় জানা যায়।
পরবর্তীতে আরো একজন মারা গেছেন বলে নিশ্চিত করেছে মানিকগঞ্জ পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন ৪০ জন।
দুর্ঘটনা স্থলে নিহত হওয়া ব্যক্তির নাম আবুল কালাম(৫৫)। তার বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মিঠাগ্রামে। মুফতি সাইফুল্লাহ (৪০) নামে অপর একজনের মৃত্যুর বিষয় পরে জানা যায়। তার বাড়িও পটুয়াখালি জেলার মিঠাগ্রামে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকিদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মানিকগঞ্জ থানার এসআই ফরিদ আহমেদ জানায়, ইসলাম পরিবহনের একটি বাস টঙ্গী এজতেমা শেষে পটুয়াখালীর কুয়াকাটা যাচ্ছিল। পথিমধ্যে মুলজান আসার পর একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকটির পিছনে সজোরে ধাক্কা দেয় বাসটি। এতে পার্শ্ববর্তী খাদে পড়ে যায় বাস। ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক জব্দ করা হয়েছে বলেও জানান তিনি। এই দুর্ঘটনার পর মানিকগঞ্জ সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো গুরুতর আহতরা হলেন- গোলাম কিবরিয়া (৫০), রাসেল (২২), আবদুল হাদি (৮০), আবদুল ওয়াহাব (৬৫), মাহমুদুল হাসান (৩০), দেলোয়ার (৪০), শেখ শাহজাহান (৬৫) ও ফেরদৌস (২৪)।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল