আশুলিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৫ জনকে সহায়তা প্রদান
আশুলিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৫ জনকে সহায়তা প্রদান

আশুলিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৫ জনকে সহায়তা প্রদান

বিডি নিউজ ৬৪: আশুলিয়ায় কালার ম্যাক্স (বিডি) লিমিটেড নামে গ্যাস লাইটার প্রস্তুতকারী কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ যে পাঁচজন নারী শ্রমিক সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে অগ্নিদগ্ধ এ পাঁচ নারী শ্রমিকের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা করে প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান।

অগ্নিদগ্ধ পাঁচ নারী শ্রমিক হলেন- রত্না (১৮), কুলসুম (১৮), রহিমা (১৮), আখলিমা (১৮) ও শারমিন (১৭)।

এ ব্যাপারে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা: আনোয়ারুল কাদির নাজিম জানিয়েছেন, ভর্তি হওয়া অগ্নিদগ্ধ নারী শ্রমিকদের অবস্থা আগের চেয়ে এখন উন্নতির দিকে। আরও কিছুদিন তাদের চিকিৎসা সেবা নিতে হবে।

শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু নাসের বেগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার একরামুল হক, সাভার উপজেলা যুবলীগের সভাপতি সেলিম মণ্ডল, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিনাজ উদ্দিন মোল্ল্যাসহ আরো অনেকে।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর বিকেলে আশুলিয়ার জিরাবো বাসস্ট্যান্ডের অদূরে ফুলবাগান এলাকায় কালার ম্যাক্স (বিডি) লিমিটেড নামে গ্যাস লাইটার প্রস্তুতকারী একটি কারখানায় হঠাৎ করে আগুন লাগে। এ সময় পুরো কারখানাটিতে দেড় শতাধিক শ্রমিক কাজ করছিল। অগ্নিকাণ্ডে ২৬ জন শ্রমিক দগ্ধ হয়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মোট চারজন নারী শ্রমিক নিহত হয়েছেন। কারখানাটি সংশ্লিষ্ট কোন প্রতিষ্ঠান থেকে বৈধ কোন অনুমোদন না নিয়ে পরিচালনা করে আসছিল। এ ঘটনার পর মালিকপক্ষ গা-ঢাকা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *