বিডি নিউজ ৬৪: সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ১৫ জন বরযাত্রী আহত হয়েছে। আজ সোমবার সকাল ৮টার দিকে মহাসড়কের কামারখন্দ উপজেলার কাসেম মোড় ও বেলা ১১টায় উল্লাপাড়ার চকিদহ ব্রিজ এলাকায় এ পৃথক দুর্ঘটনা ঘটে।
উল্লাপাড়ায় ট্রাকচাপায় পাটের বস্তা ব্যবসায়ী আব্দুল করিম নিহত হন। তিনি উপজেলার পাগলা বোয়ালিয়া গ্রামের মহির উদ্দিনের ছেলে।
উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কওশিক আহমেদ জানান, পাটের বস্তা ব্যবসায়ী করিম বাড়ি থেকে সাইকেলযোগে উল্লাপাড়ার শহরের দিকে যাবার পথে পাবনাগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। অন্যদিকে, হাটিকুমরুল গোলচত্বর থেকে টাঙ্গাইলগামী বরযাত্রীবাহী একটি বাস কাসেম মোড় এলাকায় পৌঁছালে অপর একটি বাসকে অতিক্রম করতে গিয়ে খাদে পড়ে যায়। এতে বর-কনেসহ ১৫ জন আহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল