বিডি নিউজ ৬৪: ফেনীতে আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থায় আবদুল্লাহ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাত ১০টার দিকে শহরের বারাহিপুরে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আব্দুল্লাহ শহরের বারাহিপুর এলাকার হাজী হাশমত আলী সড়কের নুর মিয়ার কলোনিতে বসবাসকারী রিক্সাচালক বাবুল হোসেনের ছেলে ও স্থানীয় বারাহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। । তাদের গ্রামের বাড়ি বাগেরহাট সদর উপজেলার চন্দ্রঘোনায়।
এলাকাবাসী জানায়, রাতে শহরের বারাহিপুর এলাকার হাজী হাশমত আলী সড়কের নুর মিয়ার কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুন ছড়িয়ে পড়ায় পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘুমন্ত শিশু আবদুল্লাহকে বের করতে ব্যর্থ হন। খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী রাত সাড়ে ১০টার দিকে শিশু আবদুল্লাহর লাশ উদ্ধার করে।
ফেনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সানাউল্লাহ বলেন, “বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় দেড় লাখ টাকার মালামাল পুড়ে যায়। ফেনী মডেল থানার ওসি শহীদুল ইসলাম জানান, আব্দুল্লাহর মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, শিশু আব্দুল্লাহর মৃত্যুর খবর শুনে জেলা প্রশাসক মো. আমিন উল আহসান আজ সোমবার দুপুরে ওই এলাকায় গিয়ে তার পরিবারকে সান্তনা দেন। তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল