বিডি নিউজ ৬৪: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ইনস্টিটিউটের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা। রবিবার সকাল ১১টায় শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন।
পরে তারা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছে। নীলক্ষেত মোড়ে ১৫ মিনিট অবস্থান নেওয়ার পর কলেজ গেটে অবস্থান নিয়েছেন ছাত্রীরা। ফলে কলেজের সামনে ধীরগতিতে গাড়ি চলাচল করছে। গত সেপ্টেম্বরের শেষদিকে ঢাবির পূর্ণাঙ্গ ইনস্টিটিউটের দাবিতে আন্দোলন শুরু করেন ছাত্রীরা।
আন্দোলনের একপর্যায়ে কলেজের ছাত্রীরা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে দেখা করেন। তিনি শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেন। শিক্ষাসচিবকে আহ্বায়ক করে একটি কমিটিও গঠন করেন। কিন্তু এ ঘটনার দুই মাস পর ফের আন্দোলনে নেমেছেন ছাত্রীরা। শিক্ষামন্ত্রীর আশ্বাসের পর দুই মাস পেরিয়ে গেলেও দাবির বিষয়ে কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় নানা অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল