বিডি নিউজ ৬৪: আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম খেলায় বরিশালের মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স। সৌম্য সরকারের সাথে মোহাম্মদ শেহজাদকে ওপেন করতে দেখে ভ্রু কুঁচকে উঠেছে অনেকের।
কারণ শেহজাদের তো আজ খেলার কথা নয়। সাব্বির রহমানকে ব্যাট দিয়ে খোঁচা মারার অভিযোগে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন এই আফগান ক্রিকেটার। তবে কোন উপায় মাঠে নামলেন তিনি?অনুসন্ধানে জানা গেল, টুর্নামেন্টের স্বার্থে কমানো হয়েছে আফগান ক্রিকেটারের শাস্তি! গণমাধ্যমে বিপিএলের টেকনিক্যাল কমিটির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেছেন, শেহজাদের আপিলের ভিত্তিতে তার শাস্তি কমানো হয়েছে। শাস্তির পরদিনই নাকি শেহজাদ আবেদন করেছিলেন। সব দিক বিবেচনা করেই ‘বিপিএল টুর্নামেন্টের স্বার্থে’ তার শাস্তি এক ম্যাচ কমানো হয়েছে। আজ মাঠে নেমেও ৪৮ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন শেহজাদ।
এর আগে গত বুধবার রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচে আউট হয়ে ফেরার সময় সাব্বির রহমানকে ব্যাটের খোঁচা দিয়ে দুই ম্যাচ নিষিদ্ধ হন শাহজাদ। পাশাপাশি ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা এবং চারটি ডিমেরিট পয়েন্টও জুটেছিল তার ভাগ্যে। তখন বিপিএল গভর্নিং কাউন্সিলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, রংপুরের পরের দুটি ম্যাচে নিষিদ্ধ শাহজাদ।
আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিষয়টি প্রকাশ করা না হলেও সবগুলো ফ্র্যাঞ্চাইজিকে নাকি বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এক ম্যাচ নিষেধাজ্ঞা কমানোর পাশাপাশি শেহজাদের একটি ডিমেরিট পয়েন্টও কমানো হয়েছে। ওই ম্যাচের ম্যাচ রেফারি নিয়ামুর রশিদও বিষয়টিতে সম্মতি জ্ঞাপন করেছেন। বিষয়টি বিপিএলের গভর্নিং কমিটির এখতিয়ারের মধ্যে পড়ে বলে সংশ্লিষ্টদের মন্তব্য।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল