জয়পুরহাট চিনিকলে বয়লার বিস্ফোরণ, প্রকৌশলীসহ দগ্ধ ৪
জয়পুরহাট চিনিকলে বয়লার বিস্ফোরণ, প্রকৌশলীসহ দগ্ধ ৪

জয়পুরহাট চিনিকলে বয়লার বিস্ফোরণ, প্রকৌশলীসহ দগ্ধ ৪

বিডি নিউজ ৬৪: জয়পুরহাট চিনিকলে বয়লার বিস্ফোরণে প্রকৌশলীসহ চারজন দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- চিনিকলের উপ-সহকারী প্রকৌশলী শাহজাহান কিবরিয়া (২৯), ফায়ারম্যান নাজমুল হক (৩০), ফিডার ম্যান লুৎফর রহমান (২৮) ও শ্রমিক আব্দুল হান্নান। তাদের মধ্যে কিবরিয়া ও নাজমুলকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর লুৎফর রহমান জয়পুরহাট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আব্দুল হান্নানকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, আগামী ৯ ডিসেম্বর আখ মাড়াই শুরু করার লক্ষ্যে ২২ দিন আগে চিনিকলের ইঞ্জিন চালু করা হয়। এ অবস্থায় আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে হঠাৎ করেই বিকট শব্দে চিনিকলের বয়লারের একটি স্ট্রিম লাইনের সংযোগস্থলের নিরাপত্তা বাল্বে বিস্ফোরণ হয়। এ সময় সেখানে কর্মরত তিনজনের শরীর ঝলসে যায় এবং একজন সামান্য দগ্ধ হন।

এ ব্যাপারে জয়পুরহাট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফিরোজ হোসেন জানান, চিনিকলের উপ-সহকারী প্রকৌশলী শাহজাহান কিবরিয়া ও ফায়ারম্যান নাজমুল হকের শরীরের ১৮ থেকে ২০ ভাগ ঝলসে যাওয়ায় সন্ধ্যায় তাদের বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল জানান, আগামী ৯ তারিখে আখ মাড়াই মৌসুম শুরুর লক্ষ্যে ২২ দিন আগে চিনিকল চালু করা হয়। এ অবস্থায় হঠাৎ করে এই দুর্ঘটনা ঘটে। তবে দু/একদিনের মধ্যেই এটি মেরামত করে পুনরায় চিনিকল চালু করা হবে। এ ঘটনায় মাড়াই মৌসুমের কোনও ক্ষতি হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *