বিডি নিউজ ৬৪: বাজি ধরে বলা যায় এবারের বিপিএলের কোনো ম্যাচে এতো দর্শক আগে হয়নি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম কানায় কানায় ভরা। উচ্ছ্বসিত দর্শক-সমর্থকদের চিৎকারে কান পাতা দায়। সবাই এসেছেন ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংসের হেভিওয়েট লড়াই দেখতে। কিন্তু ঢাকা যে ম্যাচের শুরুতেই চেপে ধরলো চিটাগংকে। সেই চাপ থেকে বের হওয়া দায়। লড়ে যাচ্ছে চিটাগং। লড়ছেন অধিনায়ক তামিম ইকবাল। ১০ ওভার শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৪৫ রান। তামিমের (২৯) সাথে ব্যাট করছেন শোয়েব মালিক (৭)।
টস জিতে সাকিব আল হাসান ব্যাট করতে পাঠালেন তামিমদের। বিনোদন পেতে দর্শকও তাই চান! টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় কিংবদন্তি ক্রিস গেইলের বিধ্বংসী ব্যাটিং দেখে ম্যাচ শুরু করা যাবে যে। কিন্তু কোথায় কি! প্রথম ৫টি বল ঠিক মতো খেলতে পারলেন না। নিজের খেলা ষষ্ঠ বলে ক্যারিবিয়ান ব্যাটিং দানব স্বদেশী আন্দ্রে রাসেলের বলে ক্যাচ দিয়ে এলেন সাকিবকে।
১ রানে গেইলকে হারানোর ধাক্কা। সেটি আরো বেড়ে যায় আরেক ক্যারিবিয়ান পেসার রনসফোর্ড বিটন এনামুল হক বিজয়কে শূণ্য হাতে বিদায় করলে। ১৭ রানে ২ উইকেট। বিপদ বটে। সতর্ক হয় চিটাগং। কিন্তু তামিমের উল্টো প্রান্তের ব্যাটসম্যান আবার বদল হয় ৩৩ রানের সময়। ক্যারিবিয়ান বোলাররাই এগিয়ে রাখলেন ঢাকাকে। এবার ডোয়াইন ব্রাভোর বলে বিটন নিলেন জহুরুল ইসলামের (৬) ক্যাচ।
শোয়েব মালিক ম্যাচ জেতানো খেলোয়াড়। আছেন ফর্মে। সেই তার সাথে এরপর জুটি তামিমে। খুব হাত খোলা যাচ্ছে না। চাপ আছে। আছে আরো হারানোর ভয়। ১০ ওভার পর্যন্ত তাই ঢাকা-চিটাগংয়ের হাই প্রোফাইল ম্যাচে একটাও ছক্কার মার দেখতে পেলেন না দর্শকরা! অথচ এটি তামিমদের প্রতিশোধের ম্যাচ। এবারের আসরের প্রথম দেখায় বন্ধু সাকিবের ঢাকার কাছে যে ঘরের মাঠ চট্টগ্রামে হেরেছিলেন তারা।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল