বিডি নিউজ ৬৪: কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গাদের নিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় চারটি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি। সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা বলছেন, নৌকাগুলোতে অন্তত চল্লিশজন রোহিঙ্গা ছিল।
আজ শুক্রবার ভোরে সীমান্তের জলসীমার শূন্যরেখা থেকে ওই নৌকাগুলো ফেরত পাঠানো হয় বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী।
মেজর আবু রাসেল বলেন, “ আজ ভোর ৪টার দিকে নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে নৌকায় করে ৪০ জনের বেশি রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করে। বিজিবির টহলদলের বাধার মুখে তারা আবার মিয়ানমারে ফিরে যায়।”
তিনি আরো বলেন, গত ২১ অক্টেবর থেকে শুক্রবার পর্যন্ত নাফ নদীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার সময় রোহিঙ্গাদের বহনকারী অন্তত ৮৪টি নৌকা বিজিবি ফিরিয়ে পাঠিয়েছে।
এদিকে বিজিবি বলছে, রোহিঙ্গাদের প্রবেশ ঠেকাতে সীমান্তগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। তারপরও নারী ও শিশুসহ বহু রোহিঙ্গা শরণার্থী বিভিন্ন পথে বাংলাদেশে ঢুকছে বলে প্রতিদিনই গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে।
প্রসঙ্গত, গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত রক্ষাবাহিনীর তিনটি নিরাপত্তা চৌকিতে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলার ঘটনা ঘটে। এর পর থেকে দেশটির সেনাবাহিনীর অভিযানের মুখে জীবন বাঁচাতে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা অব্যাহত রয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল