বিডি নিউজ ৬৪: লক্ষ্মীপুরের রায়পুর থেকে অপহরণের ২৯ দিন পর ৪ বছর বয়সী আবদুল্লাহকে চাঁদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ ১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের মহামায়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংরক্ষিত ওয়ার্ডের সাবেক এক নারী ইউপি সদস্যসহ তিনজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনীর ভূঁইয়ারহাট এলাকার মৃত হারুনুর রশিদের ছেলে রাজু হোসেন ইমন ও চাঁদপুরের মহামায়া এলাকার হারুনুর রশিদের স্ত্রী ফরিদা ইয়াসমিন ও ইউপি সদস্য শাহিদা আক্তার। বিকেলে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রেফিংয়ে এসব তথ্য জানানো হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহতাব উদ্দিন জানান, গত ২ নভেম্বর রায়পুরে ভূঁইয়ারহাটের বাড়ি থেকে শিশু আবদুল্লাহকে তার চাচাতো ভাই রাজু হোসেন ও চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের সাবেক সদস্য (মেম্বার) শাহিদা আক্তার অপহরণ করে। পরে শিশুকে শাহ মাহমুদপুর ইউনিয়নের মহামায়া এলাকার ফরিদা ইয়াসমিনের কাছে ত্রিশ হাজার টাকা বিক্রি করে দেয়া হয়। এর মধ্যে রাজু ২০ হাজার এবং শাহিদা ১০ হাজার টাকা নেয়। এ ঘটনায় ৩ নভেম্বর অপহৃতের মা আমেনা বেগম রায়পুর থানায় জিডি করেন। এতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরে ফরিদা ইয়াসমিনের বাসা থেকে ওই শিশুকে উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, অভিযান চালিয়ে রাজুকে রায়পুরের গ্রামের বাড়ি ও দুই মহিলাকে চাঁদপুর থেকে আটক করা হয়। এ ঘটনায় রায়পুর থানায় মামলা দায়ের করা হবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল