বিডি নিউজ ৬৪: ডাকাতির প্রস্তুতিকালে হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পুরনো বাজার এলাকা থেকে আবু তালিব (৩৫) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আবু তালিব জেলার চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল শহীদের ছেলে।
ডিবি পুলিশের এসআই ইকবাল বাহার জানান, রাতে একদল ডাকাত শায়েস্তাগঞ্জ পুরনো বাজার এলাকায় একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে আবু তালিবকে গ্রেপ্তার করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাতদলের বাকি সদস্যরা পালিয়ে যায়।
আবু তালিবের বিরুদ্ধে হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতিসহ প্রায় ডজন খানেক মামলা রয়েছে। এর মধ্যে ছয় মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলেও জানান এসআই ইকবাল।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল