কৌশলে শিশু চুরি হলো যশোরে হাসপাতাল থেকে
কৌশলে শিশু চুরি হলো যশোরে হাসপাতাল থেকে

কৌশলে শিশু চুরি হলো যশোরে হাসপাতাল থেকে

বিডি নিউজ ৬৪: যশোরে আট দিন বয়সী এক শিশুপুত্র চুরির ঘটনা ঘটেছে। রবিবার সন্ধা সাড়ে ৭টার দিকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।

এক নারী শিশুটির পরিবারকে চিকিৎসা সহায়তাবাবদ টাকা দেওয়ার জন্য ছবি তোলার কথা বলে কৌশলে সদ্যোজাত শিশুটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের কর্মচারী নুরু মিয়াকে আটক করেছে।

হাসপাতাল সূত্র মতে, যশোরের কেশবপুর উপজেলার বরণডালি গ্রামের রেজাউল করিমের স্ত্রী তহমিনা বেগম (২০) অসুস্থ হয়ে ১৯ নভেম্বর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হন।

শিশুটির মা তহমিনা জানান, ৮ দিন আগে বাড়িতে তার শিশুসন্তান প্রসব হয়। এর পর অসুস্থ হওয়ায় স্বজনরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে শনিবার তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

কেশবপুর থেকে সিএনজিযোগে যশোরে আসার সময় একটি অপরিচিত বোরখা পরিহিত মহিলা তাকে সহায়তার কথা বলেন।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে সেই অজ্ঞাতনামা নারী ওয়ার্ডে গিয়ে তহমিনাকে বলেন, নিচে মাইক্রোবাসে স্যার বসে আছেন। আপনাদের টাকা দিবেন। এ জন্য ছবি তুলতে হবে। তখন শিশুটির নানি ফিরোজা শিশুকে নিয়ে ওই নারীর সাথে যান।

তাদেরকে শহরের বেসরকারি কুইন্স হাসপাতালের তিনতলায় নিয়ে যাওয়া হয়। সেখানে নানিকে বসতে বলে ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যান। পরে শিশুটির পিতা রেজাউল ইসলাম থানায় খবর দিলে পুলিশ কুইন্স হাসপাতাল থেকে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ জব্দ করে।

যশোর কুইন্স হাসপাতালের ম্যানেজার মিঠু সাহা বলেন, ভিডিও ফুটেজ পেনড্রাইভে করে পুলিশকে দেওয়া হয়েছে। কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, শিশু চুরির ঘটনা ঘটেছে। এখনও উদ্ধার হয়নি। হাসপাতালের একজন কর্মচারীকে থানায় আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *