বিডি নিউজ ৬৪: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর আজ একটি মাত্র ম্যাচ রয়েছে। রবিবার চট্টগ্রামের শহীদ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে টানা তিন ম্যাচ জয়ী মাহমুদ উল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স এবং মুশফিকুর রহিমের বরিশাল বুলস। খেলাটি শুরু হবে সন্ধ্যা পৌনে ৬টায়।
এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলা খুলনা টাইটান্সের জয় ৪টিতেই। রানরেটে পিছিয়ে থাকায় ৮ পয়েন্ট নিয়ে দলটি আছে পয়েন্ট তালিকার ৩ নম্বরে। ৬ ম্যাচে ৪ জয় পেলেও সমানসংখ্যক পয়েন্ট নিয়ে সাকিবের ঢাকা আছে শীর্ষে। এবারের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচ থেকেই চমক দেখাচ্ছে দলটি। চমক দেখিয়ে যাচ্ছেন অধিনায়ক মাহমুদ উল্লাহ। সুযোগ্য নেতার মতো পারফরমেন্স দেখিয়ে দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। টানা জয়ের ধারায় থাকা খুলনা তাই বরিশালের বিপক্ষে জয়ের কথা ভাবতেই পারে।
অন্যদিকে তারকাসমৃদ্ধ বরিশাল বুলস পয়েন্ট তালিকায় আছে খুলনার ঠিক পরে ৪ নম্বরে। তাদের পয়েন্ট হলো ৬। দলে আছেন আল-আমিন, পেরেরা, দাউয়িদ মালান, তাইজুল ইসলাম, ব্র্যাথওয়েটের মত খেলোয়াড়র। আছেন দুর্দান্ত ফর্মে থাকা শাহরিয়ার নাফিস। সুতরাং আরও একটি টান টান উত্তেজনপূর্ণ ম্যাচ দেখার অপেক্ষা করতেই পারে দর্শকরা। ম্যাচটি সরাসরি দেখা যাবে চ্যানেল নাইন এবং সনি সিক্স –এ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল