বিডি নিউজ ৬৪: রাজধানীর চকবাজারের ইসলামবাগে একটি বাসায় ৭ম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষক মেহেদী হাসানকে (২০) আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে ধর্ষণের শিকার হয় ওই স্কুলছাত্রী।
এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ধর্ষণ করে সকালের দিকে মেয়েটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে আমি মেহেদীকে আটক করি। পরে চকবাজার থানায় খবর দেওয়া হয়।
অভিযুক্ত মেহেদী জানায়, সে মতিঝিল স্বন্দীপ টাওয়ারে থাকে এবং লালবাগ শাখার রুপালী ইন্সুরেন্সে পিয়নের কাজ করে। ছাত্রীটির বাসা মিরপুর এলাকায়। এক বছর যাবৎ তাদের সম্পর্ক। শনিবার সকালে ওই ছাত্রীকে ফোনে ইসলামবাগের একটি বাসায় ডেকে নিয়ে এসে তাকে ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় ঢামেক হাসপাতালে তাকে ভর্তি করে। পরে খবর পেয়ে ওই ছাত্রীর মা ঢামেক হাসপাতালে আসেন।
ছাত্রীর মা অভিযোগ করে বলেন, ‘আমার মেয়ের বয়স মাত্র ১৪। আমার মেয়েকে ফুঁসলিয়ে এনে ধর্ষণ করেছে। আমরা গরীব মানুষ। আমি এর বিচার চাই।’
এ ঘটনায় থানায় মামলা করবেন বলে জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম অর রশীদ তালুকদার বলেন, ‘ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল