বিডি নিউজ ৬৪: বিএনপির ভাইস চেয়ারম্যান ও বড় ছেলে তারেক রহমানের ৫২তম জন্মদিনে কেক কাটবেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার দিনগত রাত ১২টা ১ মিনিটে ৫২ পাউন্ডের কেক কেটে ছেলের জন্মদিন উদযাপন করবেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এ উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বহু কর্মসূচি হাতে নিয়েছে। কেন্দ্রীয়ভাবে প্রত্যেক সংগঠন গুলশান কার্যালয়ে পৃথকভাবে কেক কাটবে। সারাদেশে একইভাবে তারেক রহমানের জন্মদিন উদযাপন হবে।
বিএনপির দপ্তর সূত্র জানিয়েছে, তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রবিবার দুপুরে রাজধানীর রমনার ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা করবে বিএনপি। পরদিন সোমবার বাদ আসর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় বিএনপির উদ্যোগে তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। তার জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল