সাকিব-মেহেদীদের জন্য স্পিন কোচের সন্ধানে বিসিবি
সাকিব-মেহেদীদের জন্য স্পিন কোচের সন্ধানে বিসিবি

সাকিব-মেহেদীদের জন্য স্পিন কোচের সন্ধানে বিসিবি

বিডি নিউজ ৬৪: সাকিব আল হাসান-মেহেদী হাসান মিরাজদের জন্য নতুন কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেশিদিন আগের কথা না। রুয়ান কালপাগে তখনো ছিলেন। সহকারী এই কোচ স্পিন বোলারদের কোচের দায়িত্বটা পালন করতেন। কিন্তু কালপাগের বিদায়ের পর জায়গাটা ফাঁকা। ডিসেম্বরের মধ্যে সেই জায়গাটা ভরতে চায় বিসিবি। নতুন স্পিন কোচের খোঁজে নেমেছে তারা।

চন্দিকা হাতুরাসিংহে প্রধান কোচ। থিলান সামারাবিরা ব্যাটিং কোচ। কোর্টনি ওয়ালশ ফাস্ট বোলারদের কোচ। বড় বড় নাম বাংলাদেশের কোচিং লাইন আপে। স্পিন কোচ হিসেবেও বিখ্যাত কোনো যোগ্য মানুষকে চায় বিসিবি। সংস্থাটির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, এমন কাউকে তারা খুঁজছেন যাকে দীর্ঘ মেয়াদে দায়িত্ব দেওয়া যায়। তাদের অগ্রাধিকারে থাকছে উপমহাদেশের কোনো সাবেক স্পিনার। যিনি যথেষ্ট হাই প্রোফাইল।

উপমহাদেশের সবার সেরা স্পিনার বলতে সবচেয়ে আগে আসবে মুত্তিয়া মুরালিধরনের নাম। শ্রীলঙ্কার কিংবদন্তি অফ স্পিনারের দিকে চোখ আছে বিসিবির। খণ্ডকালিন দায়িত্ব পালন করে যাওয়া ভারতের সাবেক স্পিনার ভেঙ্কটাপতি রাজুর কথাও বিবেচনায় আছে।

জানা গেছে, ডিসেম্বরেই নতুন স্পিন কোচকে দলের সাথে যোগ করতে চায় বিসিবি। ওই মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায় ক্যাম্প করতে যাবে। এরপর ২৬ ডিসেম্বর নিউজিল্যান্ডে সিরিজ শুরু। সেখানে খেলবে তিন সংস্করণের সিরিজ। দল অস্ট্রেলিয়া যাওয়ার আগেই স্পিন কোচ চাইছে বিসিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *