বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা বন্ধে প্রশিক্ষণ পাচ্ছে বিএসএফ

বিডি নিউজ ৬৪: বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ এর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এ বাহিনীর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মহা পরিদর্শক পিএসআর আনজানেইয়ুলু।
তিনি বলেছেন, “সীমান্তে যাতে গুলি করা না হয় সেজন্য আমাদের সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছি।”
কলকাতার লর্ড সিনহা রোডে বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের সদর দপ্তরে সোমবার বাংলাদেশের সাংবাদিকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময়ে আনজানেইয়ুলু এ কথা বলেন।
সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারে বিএসএফ এর কাজের বিভিন্ন দিকও তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ও বিএসএফ এর ব্যবস্থাপনায় বাংলাদেশি সাংবাদিকের এই প্রতিনিধি দল সোমবার কলকাতা পৌঁছায়।
বিএসএফের পক্ষ থেকে বাংলাদেশের সাংবাদিকদের সুন্দরবন এলাকা এবং উত্তর চব্বিশ পরগনার পানিতার এলাকায় সীমান্ত রক্ষা কার্যক্রম ঘুরিয়ে দেখানো হয়।
মত বিনিময়ের সময় সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি হত্যার প্রসঙ্গ উঠলে আনজানেইয়ুলু বলেন, “কিছু ক্ষেত্রে অপরাধীরা বাধ্য করে গুলি করতে। এত কাছ থেকে আক্রমণ করে যে গুলি করা ছাড়া উপায় থাকে না। আত্মরক্ষরার্থে গুলি করতেই হয়। তবে আমরা চেষ্টা করছি আমাদের সদস্যদের প্রশিক্ষণ দিতে, যাতে এ ধরনের ঘটনা না ঘটে।”
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল