বিডি নিউজ ৬৪: ঢাকা বিশ্ববিদ্যালয়ে রামপাল বিদ্যুৎকেন্দ্রের পক্ষে-বিপক্ষে বিভিন্ন ক্লাশ, হলরুমে গিয়ে গোপন ভোট সংগ্রহ করে বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। এতে ভোট প্রদান করে ১০ হাজার ১১১ জন ছাত্র। এরমধ্যে রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিপক্ষে ৯ হাজার ১৪৮ জন ভোট দিয়েছে। অর্থাৎ ৯০.৪৮ শতাংশ রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিপেক্ষে ভোট দেয়। বিপরীতে পক্ষে ভোট দিয়েছে ৮৫১ জন। এ হিসাবে ৮.৫১ শতাংশ ভোটার রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে ভোট দিয়েছেন। আর ১.০১ শতাংশ ভোট বাতিল হয়। গত ৩০ অক্টেবর থেকে এ ভোট নেওয়া হয়।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা পাদদেশে গণভোটের এ ফলাফল ঘোষণা হয়। এই ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহম্মদ।
অধ্যাপক আনু মুহম্মদ বলেন, জাতির বিবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিপক্ষে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে। এর মাধ্যমে সরকারের নৈতিক পরাজয় ঘটেছে। এর মাধ্যমে সুন্দরবন রক্ষাকারীরা নৈতিকভাবে বিজয়ী হয়েছে। যারা পক্ষে ভোট দিয়েছেন তারা হয়তো আনুগত্য থেকে অথবা বিভ্রান্তি থেকে ভোট দিয়েছেন। যদি তাদেরকে বৈজ্ঞানিকভাবে বুঝানো যায় তাহলে এ সংখ্যা আরও কমবে। শেখ হাসিনা যদি তার দলীয় কর্মীদের বলেন স্বাধীনভাবে ভোট দাও, মতামত প্রকাশের স্বাধীনতা যদি থাকতো তাহলে এ সংখ্যা ৯৯% এর বেশি হতো। সরকার আল্ট্রা সুপার টেকনোলজি বলে বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছে। আসলে আল্ট্রা মডার্ণ বলে আমাদের সাথে জালিয়াতি করছে।
ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদিউল ইমাম বলেন, মানুষ সুন্দরবনকে ভালোবাসে। দেশের মানুষ কেউই চায়না সুন্দরবন ধ্বংস হোক। তিনি বলেন, সরকার সবসময় বলছে আমরা আল্ট্রামডার্ণ প্রযুক্তি ব্যবহার করে দূষন রোধ করবো। কিন্তু এখন ঘোমর ফাঁস হয়েছে। সরকার বিভিন্ন কোম্পানির জন্য যে দরপত্র ছেড়েছে তাতে এই ধরনের প্রযুক্তির কথা উল্লেখ নেই। এখন তারা কিভাবে দূষণ রোধ করবে?-এমন প্রশ্ন তুলে তিনি বলেন, প্রযুক্তির কথা বলে তারা মানুষকে বিভ্রান্ত করছে।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.সামিনা লুৎফা, আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মোসাহিদা সুলতানা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইভা মজুমদার, সাধারণ সম্পাদক সালমা সিদ্দিকী প্রমুখ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল