বিডি নিউজ ৬৪: বিএসটিআই এর অনুমোদনহীন রড উৎপাদন করে বাজারজাত করার অভিযোগে চট্টগ্রাম মহানগরীর সীতাকুণ্ড থানাধীন এলাকায় ৫টি স্টিল মিলকে ১৫ লক্ষ টাকা জরিমানা করেছে র্যাব-৭ এর ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দিনভর সীতাকুণ্ড উপজেলার কদমরসুল ও বাঁশবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব মিলকে জরিমানা করা হয়।
মিলগুলো হলো- ‘আল সাফা স্টিল রিরোলিং মিলস লিমিটেড, পেনিনসুলা স্টিল মিলস লিমিটেড, ব্রাদার্স স্টাফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এইচ স্টিল রিরোলিং মিলস এবং ইউনিক রিরোলিং মিলস’
বুধবার বিকেলে র্যাব-৭ এর জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুন্ডের পাঁচটি স্টিল মিলে অভিযান পরিচালনা করে র্যাব-৭। এ সময় ওই ৫টি মিল রড তৈরির কোন বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি। বিএসটিআই’র লাইসেন্স না নিয়েই অবৈধভাবে মান বর্হিভূত ASRM নামে এমএস রড উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করার প্রমাণ পায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এবং জিশান আহমেদ তালকুদার ৫টি স্টিল মিলকে ৩ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল