বিডি নিউজ ৬৪: বয়স ২৪। আন্তর্জাতিক ক্রিকেটে কেটে গেছে ৫টি বছর। সেখানে বাংলাদেশের ‘দ্য ফিনিশার’ হিসেবে পরিচিতি। ঘরোয়া ক্রিকেটে দারুণ দাপট। এমন বাজে পারফরম্যান্সও নেই যাতে জাতীয় দল থেকে বাদ দেওয়া হতে পারে। তারপরও জাতীয় দলে নেই নাসির হোসেন। বিপিএলে ব্যাটে-বলে চমৎকার পারফর্ম করে চলেছেন। তবে কাউকে জবাব দিচ্ছেন না! আরো বলছেন, তিনি তো আর বাচ্চা নন যে নিজেকে প্রমাণ করতে হবে!
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। দলে ছিলেন। এরপর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে থাকলেন। একটি ম্যাচও খেলার সুযোগ পেলেন না। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে সুযোগ পেয়ে ভালো করেছেন। এরপর তো নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি ক্যাম্পেই নেই! স্ট্যান্ডবাই তালিকায়! তাহলে কি আবার নিজেকে প্রমাণ করে ফেরার দায় নাসিরের?
চলমান বিপিএলেও নিয়মিত পারফর্মার। ঢাকা ডাইনামাইটসের হয়ে দুই ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন। করেছেন ৩৮ ও ৪৩। দুই ম্যাচে আছে একটি করে উইকেট। দুটিতেই জিতেছে দল। কিন্তু এসবকে জবাব, প্রমাণ জাতীয় শব্দে বাধতে রাজি নন নাসির।
চট্টগ্রামে এখন। সেখানেই বুধবার নাসির বললেন, “নিজেকে প্রমাণ করার কিছু নেই। আমি তো আর বাচ্চা নই যে প্রমাণ করতে হবে। আমার কাজ হচ্ছে রান করা, ম্যাচ জেতানো। এই তো।” বৃহস্পতিবার চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে নাসিরদের ঢাকা মুখোমুখি হচ্ছে হোমটিম চিটাগং ভাইকিংসের।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল