বিডি নিউজ ৬৪: ব্রাজিলের কাছে হারের পর ভয়াবহ কয়েকটি দিন পার করেছে আর্জেন্টিনার ফুটবলাররা। সমালোচনা তো আছেই, সেইসঙ্গে আছে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ হারানোর ভয়! এমনকী কলম্বিয়াও রীতিমতো হুমকি দিয়ে বসেছিল যে, মেসিদের ‘দেখে নেওয়া হবে!’ কিন্তু সব শংকা উড়িয়ে দিয়ে বাছাইপর্বের লড়াইয়ে ফিরল মেসি বাহিনী।
মঙ্গলবারের ম্যাচে কলম্বিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বাউজার শিষ্যরা। এর আগে সবাইকে জীবন বাজি রেখে খেলতে বলেছিলেন আর্জেন্টিনা কোচ। অধিনায়ক মেসি বলেছিলেন, রুখে দাঁড়াতে, ঘুরে দাঁড়াতে। কলম্বিয়া বধে সেই লিওনেল মেসিই নেতৃত্ব দিলেন সামনে থেকে। ১০ মিনিটে মেসির দর্শনীয় ফ্রি কিক থেকে এগিয়ে যায় আর্জেন্টিনা। মেসির সরাসরি ফ্রি কিকে বল গোলপোস্টের ডান কোণা ঘেঁষে ঢুকে যায়। ২৩ মিনিটে মেসির ক্রস থেকে প্রাতোর নিখুঁত হেডে বল আবারও জালে। ব্যবধান হয় ২-০।
পুরো ম্যাচে কলম্বিয়া একটি গোলেরও দেখা পায়নি। বরং দ্বিতীয়ার্ধে আবারও গোল খেয়ে বসে। এই গোলে আবারও সেই মেসির অবদান। ৮৩ তম মিনিটে মেসির পাস থেকে লক্ষ্যভেদ করলেন ডি মারিয়া। এই ম্যাচ হারলে যে আর্জেন্টিনা আরও ছিটকে পড়ত ২০১৮ বিশ্বকাপের দৌড় থেকে। এমনকী কোচ এদওয়ার্দো বাউজার নাকি চাকরি থাকত না। এই জয়ে আর্জেন্টিনা সেরা চারে না আসতে পারলেও বিশ্বকাপ দৌড়ে টিকে রইল।
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে যে চারটি দলই সরাসরি যাবে বিশ্বকাপে। পঞ্চম দলকে পেরোতে হবে প্লে অফ নামের আরেক বাধা। আর্জেন্টিনা এখন পাঁচ নম্বরে আছে। সামনে আছে আরও ৬টি ম্যাচ। নিশ্চয়ই এই ম্যাচগুলো নিয়ে কঠোরভাবে হোমওয়ার্ক করবে চার ম্যাচ পর জয়ের দেখা পাওয়া আর্জেন্টিনা।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল