বিডি নিউজ ৬৪: গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মেম্বারবাড়ি এলাকায় আজহারুল ইসলাম (২০) নামে এক পোশাক শ্রমিকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে ওই এলাকার গফুর মেম্বারের ছেলে শাহজাহানের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন। নিহত আজহারুল ময়মনসিংহের ভালুকা থানার সাতেঙ্গা এলাকার মো. শহিদুল্লার ছেলে।
বিষয়টি জানান জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. নাজমুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে রাত দেড়টার দিকে ওই বাসা থেকে আজহারুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। প্রাথমিকভাবে খুন হওয়ার কারণ জানা যায়নি। তদন্ত চলছে, বলে জানান তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল