বিডি নিউজ ৬৪: আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পাওয়া চট্টগ্রাম বিভাগের ১০ নেতাকে আজ শনিবার বিকেলে লালদীঘি মাঠে সংবর্ধনা দেওয়া হবে। যৌথভাবে এ সংবর্ধনার আয়োজন করেছে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও নগর আওয়ামী লীগ।
ওবায়দুল কাদের ছাড়া যাদেরকে সংবর্ধনা দেওয়া হবে তারা হলেন উপদেষ্টা পরিষদের তিন সদস্য প্রবীণ আওয়ামী লীগ নেতা ইসহাক মিয়া, সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন ও ড. প্রণব কুমার বড়ুয়া এবং সভাপতিমণ্ডলীতে দ্বিতীয় বারের মতো স্থান পাওয়া গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এ ছাড়াও সংবর্ধনা দেওয়া হবে নগর কমিটির সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার ও উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াকে।
এ ব্যাপারে জানতে চাইেল নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বলেন, যাদের সংবর্ধনা দেওয়া হবে তারা সবাই চট্টগ্রামে এসে পৌঁছেছেন। দলের সাধারণ সম্পাদক এখন চট্টগ্রাম সার্কিট হাউজে আছেন।
তিনি আরো বলেন, সংবর্ধনা উপলক্ষে লালদীঘি ময়দানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে সিসি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে।
শফিকুল ইসলাম ফারুক বলেন, পাশাপাশি সংবর্ধনায় যোগ দিতে আসা নেতা-কর্মীরা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্যও কারও ছবি ব্যানারে ব্যবহার করতে পারবেন না। এমনকি কোনো ব্যক্তির নামে শ্লোগানও দেওয়া যাবে না।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল