বিডি নিউজ ৬৪: বার্সেলোনার সাথে চুক্তি নবায়নের বিষয়টি বেশ ভালই এগুচ্ছে বলে নিশ্চিত করেছেন ইউরোপীয়ান গোল্ডেন স্যু বিজয়ী লুইস সুয়ারেস। সব কিছু ঠিক থাকলে ২০২১ পর্যন্ত কাতালান জায়ান্টের সাথে চুক্তি বৃদ্ধি করবেন উরুগুয়ের এই তারকা।
গত মৌসুমে ইউরোপের শীর্ষ গোলদাতা হিসেবে দ্বিতীয়বারের মত গোল্ডেন স্যু অর্জন করেছেন ২৯ বছর বয়সী সুয়ারেস। ২০১৪ সালে লিভারপুল থেকে পাঁচ বছরের চুক্তিতে তিনি বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। বৃহস্পতিবার ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য উরুগুয়ের জাতীয় দলের অনুশীলনে যোগ দেন সুয়ারেস। অনুশীলন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আলোচনা সঠিক পথেই আছে। উভয় পক্ষই চায় চুক্তিটি যাতে অব্যাহত থাকে।”
সব ধরনের প্রতিযোগিতায় গত মৌসুমে ৫৩টি ম্যাচে ৫৯ গোল করেছেন সুয়ারেস, এর মধ্যে লা লিগায় ৩৫ ম্যাচে করেছেন ৪০ গোল। বার্সেলোনা ভিত্তিক স্পোর্টস ডেইলি এল মুনডো দেপোর্তিভো জানিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা ২০২১ পর্যন্ত সুয়ারেসের সাথে চুক্তি বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। বর্তমান চুক্তির মেয়াদ যদিও এখনো দুই বছর বাকি রয়েছে।
দৈনিকটিতে হেডলাইনে বলা হয়েছে, ‘‘লুইস সুয়ারেস প্রস্তুত।”। এদিকে মার্কাও প্রায় একই ধরনের রিপোর্ট প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে, এক্ষেত্রে তার বেতনও সেভাবেই বৃদ্ধি পাবে। বর্তমান চুক্তি অনুযায়ী এক মৌসুমে ১৬ মিলিয়ন ইউরোর স্থানে নতুন চুক্তিতে তা বেড়ে দাঁড়াবে ২৫ মিলিয়ন ইউরো।
গত মাসের শেষে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন যাতে করে তিনি ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন। এদিকে আর্জেন্টাইন তারকা লিয়নেল মেসির সাথে বর্তমান চুক্তি ২০১৮ পর্যন্ত রয়েছে। অচিরেই তা বৃদ্ধির ঘোষনা আসবে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল