আদালতে যাচ্ছেন ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েও!
আদালতে যাচ্ছেন ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েও!

আদালতে যাচ্ছেন ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েও!

বিডি নিউজ ৬৪: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটে জিতেও আদালতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতারণার এক মামলায় আগামী ২৮ নভেম্বর আত্মপক্ষ সমর্থনে তাঁকে সশরীরে হাজির হবার নির্দেশ দিয়েছে ক্যালিফোর্নিয়ার একটি আদালত। ট্রাম্পের বিরুদ্ধে এ মামলাটি করেছেন বিলুপ্ত ট্রাম্প ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী। 

অ‌্যাটর্নি প্যাট্রিক জে কলিন জানান, ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগো ফেডারেল কোর্ট ডোনাল্ড ট্রাম্পকে ঐদিন আদালতে হাজির হতে নোটিশ দিয়েছে। তবে ট্রাম্প আদালতে যাবার আগে এ বিষয়টি মিমাংসা করলে তাঁকে আদালতে যেতে হবে না। 
শিক্ষার্থীদের অভিযোগে জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিগ্রির মর্যাদার তুলনায় অতিরিক্ত অর্থ নিয়েছে এবং ট্রাম্প এ বিষয়টি জানতেন। এ বছরের অগাস্টে মামলাটি হলেও প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত তার কার্যক্রম স্থগিত রাখার আবেদন জানিয়েছিলেন ট্রাম্পের আইনজীবীরা। নির্বাচন শেষ হওয়ার পর নভেম্বরের ২৮ তারিখ ট্রাম্পের হাজিরার দিন ঠিক করা হয়েছে বলে জানান কলিন। শুরু থেকেই ট্রাম্প এ মামলার বিচারক গঞ্জালো পি কিউরিয়েলের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে আসছেন। বিচারক মেক্সিকান বংশোদ্ভূত হওয়ায় মামলায় ন্যায়বিচার পাবেন না বলে মনে করেছেন ট্রাম্প। নির্বাচনী প্রচারের শুরু থেকেই মেক্সিকানদের ‘ধর্ষক ও সন্ত্রাসী’ বলে আসছিলেন ট্রাম্প। ক্ষমতায় গেলে দেশটির সঙ্গে থাকা সীমান্তে দেয়াল তুলে দেওয়ারও ঘোষণাও দেন এ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীদের করা এ মামলা ছাড়াও ট্রাম্পের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি অভিযোগের তদন্ত চলছে বলে জানা গেছে। প্রেসিডেন্ট হওয়ার সুবিধা এই মামলায় পাচ্ছেন না ট্রাম্প। কারণ যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী প্রেসিডেন্ট সব আইনের উর্ধ্বে থাকলেও দায়িত্ব নেওয়ার আগে করা অপরাধের দায় থেকে অব্যাহতি পাবেন না। 
১৯৯৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বিরুদ্ধে এক অভিযোগের শুনানি শেষে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এ বিধান দেয়।আরকানস’ রাজ্যের গভর্নর থাকার সময় ক্লিনটন রাজ্য প্রশাসনের কর্মচারী পলা জোনসকে যৌন হয়রানি করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। তখন প্রেসিডেন্ট ‘ছাড় পাবেন কি না’ তা নিয়ে সুপ্রিম কোর্টে ওই শুনানি হয়েছিল। তবে আইনজীবীদের মতে শপথ গ্রহনের আগে মামলাটি মিটমাট করলে মামলাটি স্থগিত হবার সম্ভাবনা রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *