তিন দিনের জেলা ইজতেমা শুরু শেরপুরে মৃগী নদীর তীরে
তিন দিনের জেলা ইজতেমা শুরু শেরপুরে মৃগী নদীর তীরে

তিন দিনের জেলা ইজতেমা শুরু শেরপুরে মৃগী নদীর তীরে

বিডি নিউজ ৬৪: শেরপুরের শহরের উপকণ্ঠ মৃগী নদীর তীরে তবলীগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ জোহর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়।

এদিকে, ইজতেমা শুরুর প্রথম দিনেই ফজরের নামাজের অজু করতে যাওয়ার সময় এক মুসল্লির মৃত্যু হয়েছে। মৃত ওই মুসল্লির নাম আবুল হোসেন (৮৫)। তিনি সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের মান্দাখালি গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার বিকেলে স্থানীয় মুসল্লিদের সঙ্গে ইজতেমায় আসেন তিনি। ফজরবাদ ইজতেমা ময়দানে জানাজা  শেষে লাশ দাফনের জন্য স্বজনরা গ্রামের বাড়িতে নিয়ে যান।

আজ বৃহস্পতিবার দুপুরের পর ইজতেমা আনুষ্ঠানিকভাবে শুরু হলেও গতকাল বুধবার বিকেল থেকেই ইজতেমা ময়দানে মানুষের ঢল নামে। আজ সকালেই ৯ একর জায়গার ওপর টাঙানো ইজতেমা স্থলের প্যান্ডেল পুরোটা ভরে যায়। জেলার সব পর্যায়ের মানুষের নজর এখন ইজতেমার দিকে। আগামী শনিবার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এ ইজতেমা।

স্থানীয় তাবলীগের মুরুব্বিরা জানান, ইজতেমা ময়দানের মাঠে থাকার বেডিংসহ একসঙ্গে নামাজ আদায় করার জন্য প্রায় ৩০ হাজার মুসল্লির ধারণ ক্ষমতার ব্যবস্থা  করা হলেও নামাজ আদায় করতে পারবেন প্রায় ৬০ হাজার মুসল্লি। প্রথম দিনই ইজতেমা মাঠ ভরে গেছে। মৃগী নদীর পানি ওজু ও গোসলের জন্য ব্যবহার করা হচ্ছে। খাওয়ার পানির জন্য ২০টি নলকূপ এবং এক হাজার লিটারের ২০টি পানির ট্যাংক বসানো হয়েছে। মূল ইজতেমা মাঠের অদূরে নদীর দক্ষিণ তীরে নির্মাণ করা হয়েছে এক হাজার শৌচাগার। এজন্য নদীর ওপর তিনটি বাঁশের সেতু নির্মাণ করা হয়েছে। সার্বক্ষণিক বিদ্যুতের জন্য পিডিবি ও পল্লী বিদ্যুতর পাশাপাশি স্বল্প পরিসরে জেনারেটরের ব্যবস্থাও করা হয়েছে।

তিন দিনের এ ইজতেমায় ঢাকার কাকরাইল মার্কাস থেকে মুরুব্বীসহ দেশি-বিদেশি  তাবলীগ জামাতের মুরুব্বীরা দ্বীন ও ইসলাম কায়েমের জন্য দাওয়াত ও বয়ান করছেন। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ভারতের তিনটি তবলীগ জামাতের তিন  বিদেশি ইজতেমায় শরীক হয়েছেন। শেরপুরের জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম জানান, ইজতেমা মাঠে প্রশাসনিকভাবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিন শিফটে ২৩০ জন পুলিশ সদস্য এবং দুই প্লাটুন র‍্যাব মোতায়েন করা হয়েছে। এ ছাড়া তবলীগ জামাতের পাহারার জামাত ও স্বেচ্ছাসেবকসহ সহস্রাধিক কর্মী কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *