সর্বকালের সেরাদের একজন রোনালদো : ওজিল
সর্বকালের সেরাদের একজন রোনালদো : ওজিল

সর্বকালের সেরাদের একজন রোনালদো : ওজিল

বিডি নিউজ ৬৪: ক্রিস্তিয়ানো রোনালদোর উচ্ছসিত প্রশংসা করে আর্সেনাল তারকা মেসুত ওজিল বলেছেন যে তিনি সর্বকালের সেরা ফুটবলারদের একজন। এই জুটি রিয়াল মাদ্রিদে তিনটি মৌসুম একত্রে কাটিয়েছে। ২০১০ সাল থেকে ১৩ সাল পর্যন্ত সময়ে ক্লাবের হয়ে তারা জয় করেছে লা লিগা, কোপা দেল রে ও সুপারকোপা দি এস্পানিয়ার শিরোপা।

স্প্যানিশ জায়ান্টদের হয়ে তিনবারের বর্ষসেরার খেতাব জেতা ফুটবল তারকা রোনালদোর সঙ্গে দারুন সময় কাটানো ওজিল আর্সেনাল মিডিয়াকে বলেন, “তার সঙ্গে খেলার সময়টা আমি দারুনভাবে উপভোগ করতাম। কারণ মাঠে তিনি আমার খেলাটাকে অনেক সহজ করে দিতেন।”

জার্মানির এই ফুটবল তারকা বলেন, “তিনি একজন ভাল লোক এবং আমার একজন ভাল বন্ধু। আসলে তাকে আমার প্রচুর সহায়তা করতে হতো। সেটি তিনি জানেন। তারপরও তার সঙ্গে খেলাটাকে আমি দারুন উপভোগ করতাম, কারন তিনি সবকিছু কেমন সহজ করে দিতেন।”

“গোল করার জন্য তার বেশী সুযোগ পাওয়ার দরকার ছিলনা। যদি দুটি বল তার কাছে পাঠাতে পারতাম তাহলে দুটিতেই তিনি গোল করতে পারতেন। তিনি অসাধারণ একজন খেলোয়াড়, আমার মতে ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন।”-বলেন ওজিল।

গত সোমবার মাদ্রিদের সঙ্গে আরো ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন রোনালদো। এর ফলে ২০২১ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই কাটাবেন তিনি।

২১ বছর বয়সে মাদ্রিদে যোগ দেয়া ওজিল রোনালদোর পেশাদারিত্বের বিষয়ে বলেন,”তিনি যে রকম পরিশ্রম করেন তেমন কাউকে আমি এর আগে দেখিনি। তিনিই প্রথম ব্যক্তি যিনি সবার আগে ড্রেসিং রুমে প্রবেশ করেন এবং সবার শেষে বাসার উদ্দেশ্যে ফিরে যান। তিনি খুবই পেশাদার , সব সময় লড়াইয়ের মধ্যে থাকতে পছন্দ করেন। এমনকি অনুশীলনের সময়ও।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *