বিডি নিউজ ৬৪: গেল বিপিএলের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হুমকির মাঝে রেখেছে চিটাগং ভাইকিংস। টস হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবালের হাফ সেঞ্চুরিতে ৩ উইকেটে ১৬১ রান করে চিটাগং। এরপর নিয়মিত বিরতিতে মাশরাফি বিন মুর্তজার দলের উইকেট তুলে নিচ্ছে তামিমের দল। এই রিপোর্ট লেখার সময় চাপে কুমিল্লা। ৮ ওভারে ৩ উইকেটে ৪৬ রান তাদের। গত আসরের সেরা খেলোয়াড় আশার জাইদি (০) ও তরুণ নাজমুল হোসেন শান্ত (১) ব্যাট করছেন।
ইমরুল কায়েস ও লিটন কুমার দাস কুমিল্লার ব্যাটিং ওপেন করেন। কিন্তু ইমরুল (৬) অফ স্টাম্পের অনেক বাইরের বল উইকেটকিপারের হাতে দিয়ে ফেরেন। মারলন স্যামুয়েলস দ্রুত ২৩ রান করলেন। কিন্তু তিনি আব্দুর রাজ্জাকের বল তাসকিন আহমেদের দারুণ ক্যাচ হয়ে ফিরেছেন। ১০ রানে ব্যবধানে ১৮ বলে ১৩ রান করা লিটন ক্যাচ দিয়ে ফেরেন। ৪৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে কুমিল্লা।
এর আগে এবারের বিপিএলের প্রথম ম্যাচেই ঝড় ওঠে তামিম ইকবালের ব্যাটে। শুরু থেকে মেরে খেলেছেন চিটাগং এর অধিনায়ক ও ওপেনার। পার্টনার ডোয়াইন স্মিথ ৯ রান করে চলে গেলেন। তখন দলের রান ৩৬। এরপর দ্রুত আরো ৪৪ রান আসে এনামুল হক ও তামিমের জুটিতে। তামিম এবারের আসরের প্রথম ফিফটিটা করেন ৩২ বলেই।
তামিমের ব্যাটে আরো বড় কিছুর ইঙ্গিত ছিল। কিন্তু এনামুলের সাথে ভুল বোঝাবুঝিতে রান আউট তিনি ৩৮ বলে ৬ চার ও ২ ছক্কার ৫৪ রানের ইনিংস খেলে। এনামুলও রান আউট হয়ে ফেরেন ১৮ বলে ২২ রান করে।
এরপর দলকে বড় স্কোরের দিকে টেনে নিয়ে যায় পাকিস্তানি শোয়েব মালিকের সাথে বাংলাদেশ জাতীয় দলে একসময় খেলা জহুরুল ইসলাম। তাদের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিটা ৬০ রানের। ওভার প্রতি রান এসেছে ৮.৭৮। শোয়েব ২৮ বলে ২টি করে চার ও ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন। জহুরুল খেলেন ২১ বলে ২৯ রানের হার না মানা ইনিংস।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল