বিডি নিউজ ৬৪: চার বছর কেটে গেছে। যতটা আগুন হয়ে খবর ছড়িয়েছিল, সেই রেশ নেই। আঁচ কমেছে । সম্পর্কটা আর টেকেনি। শরীর হোক বা মন, প্রভাব পড়তে যে বাধ্য। দুই প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তানের সম্পর্কও যে তিক্ত হয়ে উঠেছে। এখন যে যার জীবনে ফিরে গেছেন। পুরনো সেই স্মৃতি আর মনে করতে চান না কেউই। ক্যারিয়ার প্রায় শেষ হয়ে গেছে দু’জনের। কী করছেন এখন আসাদ রাউফ ও লীনা কাপুর ?
সময়টা ২০১২। আইপিএল-এ চুটিয়ে কাজ করছেন পাকিস্তানি আম্পায়ার আসাদ রাউফ। সঙ্গে তখন দিল্লির উচ্চ মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা মডেল লীনা কাপুর। যেখানে যান আসাদ, সঙ্গে থাকেন লীনা। বিবাহিত মধ্যবয়স্ক এই আম্পায়ারের সঙ্গে এক উঠতি মডেলের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ক্রিকেটমহলে। কোনও পার্টি বা অন্য কোথাও আসাদ কিন্তু লীনাকে স্ত্রী বলে পরিচয় দিতেন। কিন্তু ভুল ভাঙে কয়েকদিন পরে। মুম্বই পুলিশে অভিযোগ জানান লীনা। তাঁর অভিযোগ ছিল, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন আসাদ। তাঁকে বিভিন্নভাবে ব্যবহার করেছেন পাকিস্তানি আম্পায়ার। এই অভিযোগে মুহূর্তে ছড়িয়ে পড়ে লীনা কাপুরের নাম। নিজেকে প্রতিরোধ করার সময়টুকুও পাননি আসাদ রাউফ।
২০১৩ সাল। প্রকাশ্যে এল আইপিএল স্পট ফিক্সিং। অভিযোগ উঠল আসাদ রাউফের বিরুদ্ধে। পাঁচ বছরের শাস্তি ঘোষণা করল বিসিসিআই। বোর্ডের কোনও ইভেন্টে অংশ নিতে পারবেন না আসাদ। আম্পায়ারিং ক্যারিয়ার প্রায় শেষ হয়ে যায় আসাদের।
এখন কী করছেন আসাদ ও লীনা ? বলিউডে কাজ পাওয়ার জন্য এখনও মুম্বইয়ে মডেলিং করে যাচ্ছেন লীনা। ছোট ব্যানারের কয়েকটি ছবিও করার কথা আছে। তাঁর ফেসবুক প্রোফাইল খুললে দেখা যাবে, এখন নতুন একটা প্রেমও করছেন তিনি। তবে প্রকাশ্যে নয়। ফেসবুক স্ট্যাটাসে লিখে রেখেছেন, রিলেশনশিপে আছেন। ফের নতুন সম্পর্ক। আসাদ রাউফের কোনও খবর পাওয়া যায়নি। তাঁর সেই ধাক্কা সামলে উঠতে হয়ত আরও কয়েক বছর লাগবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল