বিডি নিউজ ৬৪: শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে মঙ্গলবার সকালে মাঝ পদ্মায় ফেরিতে আটকা পড়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। ফেরি উদ্ধারে বিআইডব্লিউটিএ কাজ করে যাচ্ছে। ফেরিতে নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে আটকা আছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ ও যুবলীগের বেশ কয়েকজন নেতা। বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী সুলতান আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টার দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ নৌমন্ত্রী শাজাহান খানকে নিয়ে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটের উদ্দেশে রো-রো ফেরি গোলাম মাওলা মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট ছেড়ে যায়।
পথিমধ্যে মাঝ পদ্মায় লৌহজং টার্নিং পয়েন্টে ফেরিটি ডুবোচরে আটকা পড়ে। মাত্র ২ দিন আগে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট থেকে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে যুক্ত হয় রো-রো ফেরি গোলাম মাওলা। এদিকে, ফেরিটি উদ্ধারে সেখানে রয়েছেন বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। ফেরি উদ্ধারে উদ্ধারকারী একাধিক জাহাজ লৌহজং টার্নিং পয়েন্টে ছুটে গেছে। ফেরিতে থাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দকে স্পিড বোট ও জাহাজে করে বিশেষ ব্যবস্থায় কাওড়াকান্দি ঘাটে পৌঁছানো হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল