বিডি নিউজ ৬৪: ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় বাদশা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবারের এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করে। এ সময় গাড়িতে থাকা শিশুসহ অন্তত ১০ যাত্রী আহত হন। পুলিশ ও প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ত্রিশাল থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল দরিরামপুর উজান পাড়া মান্নান ফিলিং স্টেশনের সামনে আজ রবিবার বেলা পৌনে ১২টার দিকে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি বালু বোঝাই ট্রাকের চাপায় দরিরামপুর ৮ নং ওয়ার্ডের রুবেল মিয়ার শিশু পুত্র বাদশা (৮) রাস্তায় পড়ে গেলে পিছন দিক থেকে আসা এনা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস তাকে পুনরায় চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশু বাদশাহ স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। স্কুল থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে।
সূত্র আরো জানায়, এ ঘটনার পরপরই উত্তেজিত এলাকাবাসী প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে ১০/১২টি গাড়ি ভাঙচুর করে। এ সময় ভাঙ্গা কাচের আঘাতে অন্যান্য গাড়ির শিশুসহ অন্তত ১০ যাত্রী আহত হন। পরে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন এই ঘটনার সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে উত্তেজিত জনতা অবরোধ তুলে নেয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল