বিডি নিউজ ৬৪: বিশ্বকাপ বাছাই পর্বে পরবর্তী দুটি ম্যাচের জন্য প্রায় বছরখানেক পর কলম্বিয়া দলে ফিরেছেন তারকা স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও।
৩০ বছর বয়সী এই স্ট্রাইকার গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে সিএসকেএ মস্কোর বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে দুটি গোল করেছেন। চলতি মৌসুমে ৯ ম্যাচে এটি তার ষষ্ঠ গোল। ইনজুরির কারণে ২০১৪ বিশ্বকাপ খেলতে না পারা ফ্যালকাও সর্বশেষ গত বছর ১৩ অক্টোবর মন্টিভিডিওতে উরুগুয়ের বিপক্ষে ৩-০ গোলে পরাজয়ের ম্যাচটিতে কলম্বিয়ার জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। ইনজুরি কাটিয়ে আগামী ১০ ও ১৬ নভেম্বর যথাক্রমে চিলি ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের মাধ্যমে আবারো মাঠে নামতে যাচ্ছেন।
দলে ডাক পেয়েই টুইটারে তিনি লিখেছেন, “দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে দারুণ খুশি। এটা আমার জন্য অনেক বড় একটি সুযোগ, সত্যিই যা বিশেষ কিছু।”
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল