জীবননগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
জীবননগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জীবননগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বিডি নিউজ ৬৪: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আরও ১৬ জন আহত হয়েছেন। আহতদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের একজন হলেন পূর্বাশা পরিবহনের চালকের সহকারী স্বপন (২৫) এবং করিমন চালক সাইদুর রহমান (৪৫)। স্বপন ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুরের ওবাইদুরের ছেলে। আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে জীবননগর উপজেলায় মনোহরপুর পালপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

জীবননগর থানার ওসি লিয়াকত হোসেন প্রত্যক্ষদর্শীদের উদ্বৃতি দিয়ে জানান, সকাল পৌনে ১০টার দিকে বৃষ্টির মধ্যে ঢাকা থেকে জীবননগর হয়ে দর্শনার উদ্দেশে ছেড়ে যাওয়া পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-০৬১২) ও চুয়াডাঙ্গা থেকে যশোরের উদ্দেশে ছেড়ে আসা শাপলা পরিবহন (ঝিনাইদহ জ-০৪-০০১০) জীবননগর উপজেলার মনোহরপুর পালপাড়ার কাছে পৌঁছলে ওই দুটি দ্রুতগামী বাসের মাঝখানে একটি করিমন পড়ে যায়। এতে দুটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে করিমন (শ্যালো মেশিনচালিত) চালক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহতাবস্থায় পূর্বাশা পরিবহনের হেলপার স্বপনকে (২৫) জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে স্বপন নামে একজন মারা গেছেন। দুর্ঘটনার পর চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে প্রায় দেড় ঘণ্টা যানবহন চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনাকবলিত দুটি বাস ও করিমন সড়ক থেকে সরিয়ে নিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জীবননগর থানার ওসি লিয়াকত হোসেন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *