বিডি নিউজ ৬৪: ভোলায় নাবিলা আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা সেলিম বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে ভোলা সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযুক্ত মাহফুজকে প্রধান আসামি এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী স্কুলছাত্রীর বাবা সেলিম অভিযোগ করেন, গত বুধবার গভীর রাতে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিজ ঘরে তার স্কুল পড়ুয়া মেয়েকে একা পেয়ে পার্শ্ববর্তী বাড়ির মাহফুজসহ ৪-৫ জন যুবক ঘরে ঢুকে ধর্ষণের পর হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখে। ভোলা সদর মডেল থানার ওসি মীর খায়রুল কবির জানান, এ ঘটনায় নিহত স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের মাঝিরহাট মাধ্যমিক বিদ্যায়ের নবম শ্রেণির ছাত্রী নাবিলা আক্তারের লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল