বিডি নিউজ ৬৪: দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনায় প্রশাসনের সমালোচনার মধ্যে নেত্রকোণার কলমাকান্দায় একটি মন্দিরে কালী প্রতিমা ভাঙচুর করা হয়েছে। উপজেলার কৈলাটি ইউনিয়নের সাকুয়া ইন্দ্রপুর গ্রামে স্কুল শিক্ষক পরিচয় তালুকদারের পারিবারিক কালী মন্দিরে গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে এই ঘটনা ঘটে বলে জানান বাড়ির লোকজন। এ ঘটনায় আজ শুক্রবার বিকেলে পরিচয় তালুকদার কলমাকান্দা থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান কলমাকান্দা থানার এসআই নুর উদ্দিন জানান।
এ বিষয়ে পরিচয় তালুকদারের ছোট ভাই তপন তালুকদার জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের কোনো এক সময়ে মন্দিরের বাঁশের দরজা ভেঙে ঢোকে হামলাকারীরা। তারা মন্দিরের কালী প্রতিমা গুঁড়িয়ে দেয়। বাড়ির ভেতরে থাকা চারটি তুলসি গাছ উপড়ে ফেলে। তাছাড়া বাড়ির সামনে পুকুর পাড়ে থাকা পারিবারিক শ্মশানের চারটি স্মৃতিচিহ্ন খোঁড়াখুঁড়ি ও তছনছ করেছে।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাড়ির লোকজন মন্দিরে গেলে প্রতিমা ভাঙচুরের বিষয়টি ধরা পড়ে বলে জানান তপন।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, “প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।”
এদিকে এ ঘটনায় জাতীয় হিন্দু মহাজোট নেত্রকোণা জেলা কমিটির কার্যকরী সভাপতি তপন সাহা, সম্পাদক দেবদুলাল তালুকদার, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক রায় ক্ষোভ প্রকাশ করেন এবং জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত কয়েক দিনে যশোর, বরিশাল, ফরিদপুর, ঠাকুরগাঁও, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল