বিডি নিউজ ৬৪: খেলার সব আয়োজন সুসম্পন্ন ছিল। নির্দিষ্ট সময়ে টস করতে নেমেছিলেন দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং ড্যারেন স্যামি। কিন্তু এরপরই প্রকৃতিদেবীর বিরুপ মনোভাব ম্যাচকে ঘিরে। শুরু হলো বৃষ্টি। পিচ ঢাকা হলো কাভার দিয়ে। ঢাকা হলো মাঠের কিছু অংশ। শুরু হলো ম্যাচ নিয়ে অনিশ্চয়তা।
বিকাল ৫:১৬ পর্যন্ত অপেক্ষা করার সুযোগ ছিল। ওই সময়ে ম্যাচ শুরু করা গেলে ৫ ওভার করে খেলা হতে পারত। কিন্তু সাগরের নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে সেটা আর সম্ভব হলো না। তাই শুক্রবারের উদ্বোধনী ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ মিরপুরে সর্বোচ্চ ১০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সর্বনিম্ন ৩ মিলিমিটার। ঘন্টার হিসেবে শুক্রবার মিরপুরে সর্বনিম্ন ৩.৫ ঘন্টা বৃষ্টিপাত হতে পারে। সর্বোচ্চ ৪.৫ ঘন্টা।
এর আগে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজশাহী কিংস। খেলা পরিত্যক্ত হওয়ার কারণে এবং রিজার্ভ ডে না থাকায় এখন দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করতে হবে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইটানস। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল