বিডি নিউজ ৬৪: মন্দির ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় প্রশাসনের গাফিলতির অভিযোগ ওঠার প্রেক্ষাপটে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেছেন, প্রশাসনিক কারণে বুধবার দুপুরে ওসি আবদুল কাদেরকে প্রত্যাহারের এই আদেশ দেওয়া হয়েছে।
রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ফেসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে নাসিরনগরে ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। হামলা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ তুলে ঘটনার দিন রাতে ওসি আবদুল কাদের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জেম আহম্মেদের অপসারণ দাবি করে জেলা আওয়ামী লীগ। পুলিশ সুপার বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে ওসি আবদুল কাদেরকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
পূজা উদযাপন পরিষদের নাসিরনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হরিপদ পোদ্দার বলেন, মন্দিরের পাশাপাশি দেড়শর বেশি বাড়িতে হামলা চালানো হয়। ফেসবুকে রসরাজ ইসলাম অবমাননা করে পোস্ট দিয়েছেন বলে অভিযোগ ওঠার পর পুলিশ তাকে শনিবার আটক করে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ওই ঘটনা নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যানারে রোববার বিক্ষোভের ডাক দেওয়া হয় নাসিরনগর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে। হবিগঞ্জের মাধবপুরেও ডাকা হয় একই কর্মসূচি। কয়েকশ লোক সরাইল-নাসিরনগর-লাখাই সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল