বিডি নিউজ ৬৪: পিরোজপুর শহরে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে; যাকে তার স্বামী শ্বাসরোধে হত্যা করতে পারে বলে পুলিশের ধারণা। শহরের মাছিমপুরের ভাড়া বাসা থেকে মঙ্গলবার রাতে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারেস। নিহত খাদিজা বেগম (২৭) সদর উপজেলার দুর্গাপুর গ্রামের আফছার আলী খানের মেয়ে। খাদিজার স্বামী হাফিজুর রহমানের এক বন্ধুর বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা ওয়ারেস বলেন, হাফিজ তার ওই বন্ধুকে ফোনে জানান, তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বন্ধুটির কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে বিছানায় মৃতদেহ পড়ে থাকতে দেখে। তবে গলায় ফাঁস দেওয়ার কোনো আলামত দেখতে পায়নি পুলিশ। অন্য কোনোভাবে তার শ্বাসরোধ করা হতে পারে বলে পুলিশ ধারণা করছে। পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশের ধারণার কথা জানান পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, ঘটনার পর থেকে হাফিজুর পলাতক রয়েছেন। সন্দেহভাজন খুনি হিসেবে পুলিশ তাকে ধরার জন্য চেষ্টা চালাচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দেড় বছরের বিবাহিত জীবনে এই দম্পতি দেড় মাস বয়সী একটি সন্তানের মা-বাবা।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল