বিডি নিউজ ৬৪: শুধু প্রভাবশালী নয়, দুর্নীতির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আজ বুধবার সেগুনবাগিচায় দুদকের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। রাষ্ট্রপতির কাছে ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদন পেশ উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দুদকের মামলায় সরকারদলীয় সাংসদ আবদুর রহমান বদির সাজা প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, আদালতের রায়ের বিষয়ে আমার কোনো প্রতিক্রিয়া নেই। তবে আমরা প্রতিটি মামলাতেই চাই, আসামির সাজা হোক।
প্রভাবশালীদের আইনের আওতায় আনতে কোনও বাধার সম্মুখীন হচ্ছেন কিনা? জানতে চাইলে ইকবাল মাহমুদ বলেন, কেউ কোনও প্রভাব খাটাতে আমার এখানে আসেন না। এ সময় তিনি নিজের মোবাইল ফোন দেখিয়ে বলেন, এই ফোনে আগের মতো কলও আসে না। প্রতিবেদনে দেশে দুর্নীতি কমানো জন্য দুদকের পক্ষ থেকে ৩২ দফা সুপারিশ করা হয়েছে। সংবাদ সম্মেলনে ২০১৫ সালে সাজা হওয়া মামলার পরিসংখ্যান দেশে সন্তুষ্ট হতে পারেননি দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, দুদকে অনেক অভিযোগ আসে। কিন্তু সব অভিযোগ দুদকে তফসিলভুক্ত হয় না। ফলে সব অভিযোগ অনুসন্ধানের পরে সাজার পরিমাণ হয় কম।
তিনি আরও বলেন, সাজার হার বাড়াতে আমরা পুরাতন আইনজীবী পরিবর্তন করে নতুন আইনজীবী নির্বাচন করেছি। যাতে সাজা পাওয়া মামলার হার আরও বাড়ানো যায়। দুদক চেয়ারম্যান বলেন, ২০১৫ সালে সাজার হার যেখানে ৩৭ শতাংশ ছিল, ২০১৬ অক্টোবর পর্যন্ত এ হার বেড়ে ৫১ শতাংশে দাঁড়িয়েছে। তবে এতেও আমি সন্তুষ্ট নই। তিনি আরও বলেন, আমাদের কাছে দেশের দুর্নীতি প্রতিরোধ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুর্নীতি দমন একটি অংশ মাত্র।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল