বিডি নিউজ ৬৪: জাতীয় স্বেচ্ছায় রক্তদাতা দিবসে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রায়পুর ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাইম ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহেলা জাহান শিমু, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. জাকির হোসেন, রায়পুর ক্লাবের সভাপতি মারুফ বিন জাকারিয়া প্রমুখ।
বক্তারা বলেন, ১৮ বছর বয়স হলে তিন মাস পর পর রক্তদান করলে মানুষের শরীরের কোনো ক্ষতি হয় না। এতে বিভিন্ন উপকার হয়। রক্ত অন্যের জীবনও বাঁচায়। এজন্য মানুষকে সচেতন হতে হবে। পরে ইউএনও দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি উদ্বোধন করেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল