তবুও স্মরণীয় হলো মুশফিকের ৫০তম টেস্ট
তবুও স্মরণীয় হলো মুশফিকের ৫০তম টেস্ট

তবুও স্মরণীয় হলো মুশফিকের ৫০তম টেস্ট

বিডি নিউজ ৬৪: মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল বাশারের পর তৃতীয় বাংলাদেশী হিসেবে ৫০তম টেস্ট ম্যাচ খেলার স্বাদ নিয়েছেন মুশফিকুর রহিম। চলমান ঢাকা টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে তৃতীয় বাংলাদেশী হিসেবে ৫০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন মুশি। কিন্তু মাইলফলকের ম্যাচে ব্যক্তিগত অর্জনে ব্যর্থ হলেন তিনি। দুই ইনিংসে ৪ ও ৯ রান করেন টাইগার দলপতি। তবে দলের ঐতিহাসিক জয়ে স্মরণীয় হয়ে রইল বাংলাদেশ টেস্ট অধিনায়কের ব্যক্তিগত মাইলফলক।

মুশফিকের মত ৫০তম টেস্টে ব্যক্তিগত পারফর্মেন্সে ব্যর্থ হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল। গ্রেনাডায় ২০০৯ সালের ১৭ জুলাই থেকে শুরু হওয়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের ৫০তম টেস্ট খেলতে নামেন অ্যাশ। ঐ টেস্টে ১২ ও ৩ রান করেন আশরাফুল। ফলে ব্যক্তিগত অর্জনে ব্যর্থই হয়েছিলেন তিনি। তবে ঐ টেস্টটি স্মরণীয় হয়ে আছে আশরাফুলের কাছে। কারন তার মাইলফলকের ম্যাচে ৪ উইকেটে জয় পেয়েছিলো বাংলাদেশ।

আশরাফুলের মত মাইলফলকের ম্যাচে ব্যর্থ হয়েছেন হাবিবুলও। মিরপুরে ২০০৮ সালের ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের ৫০তম টেস্ট খেলতে নামেন তিনি। ঐ ম্যাচে ১১ ও ২ রান করেন হাবিবুল। ফলে ব্যক্তিগত অর্জনের দিক দিয়ে মাইলফলকের ম্যাচটি স্মরণীয় করে রাখতে পারলেন না বাংলাদেশের সাবেক অধিনায়ক। এমনকি ম্যাচটিও স্মরনীয় হলো না হাবিবুলের কাছে। কারন ঐ টেস্টটি ৫ উইকেটে হারে বাংলাদেশ। মুশফিককে এদিক দিয়ে ভাগ্যবানই বলা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *