আইএসের ওপর হামলা ব্যর্থ : ট্রাম্প
আইএসের ওপর হামলা ব্যর্থ : ট্রাম্প

আইএসের ওপর হামলা ব্যর্থ : ট্রাম্প

বিডি নিউজ ৬৪: মার্কিন সামরিক বিশেষজ্ঞদের জ্ঞান দিতে চেয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ইরাকের মসুলে জঙ্গিসংগঠন আইএসের ওপর হামলাকে ‘ব্যর্থ’ বলে উল্লেখ করে তিনি বলেছেন, সামরিক কৌশলে আমেরিকার কঠোর কোনো নিয়ন্ত্রণ নেই।
এবিসি টেলিভিশনের সাংবাদিক জর্জ স্টেনোপলিসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘সামরিক বিশেষজ্ঞরা আমার সঙ্গে বসলে আমি কিছু জ্ঞান দিতে পারি।’
গত রোববার ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় বলেছিলেন, ইরাকের মসুলে মার্কিন হামলায় চরম বিপর্যয় ঘটেছে। তিনি বলেন, ‘মসুলে হামলার জন্য এক মাসের নোটিশ দেওয়া হয়েছিল। ট্রাম্পকে ভোট দিন এবং আবার জয়লাভ করুন।’
ট্রাম্প বলেন, নোটিশ দিয়ে হামলার চেয়ে সামরিক অভিযানের বেলায় আকস্মিকতা অপরিহার্য।
এবিসি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তিন মাস ধরে শুনছিলাম, ইরাকের মসুলে হামলা করা হবে।’ তাঁর প্রশ্ন, আগাম কথা বলে সামরিক হামলা কেন হবে? আগাম ঘোষণার কারণেই মসুল থেকে আইএস জঙ্গিরা পালিয়ে গেছে বলে তিনি মনে করেন। আগে থেকেই আইএস মসুলে শক্ত প্রতিরোধও গড়ে তুলেছে বলে ট্রাম্পের অভিযোগ।
ইরাকে মার্কিন সামরিক অভিযানের ব্যর্থতার জন্য ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও হিলারি ক্লিনটনকে দায়ী করেন। তাঁর দাবি, মসুল যুক্তরাষ্ট্রের দখলে ছিল। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও হিলারি ক্লিনটনের নীতির কারণে সেখানে শূন্যতা দেখা দেয়। ফলে মসুল আইএসের দখলে চলে যায়।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, সামরিক বিশেষজ্ঞরা মনে করেন না যে হঠাৎ করে হামলা আইএসের ক্ষেত্রে কার্যকর। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার এবিসি টিভিকে দেওয়া এক পৃথক বক্তব্যে বলেছেন, মসুলে মার্কিন সামরিক অভিযান পরিকল্পনামাফিক এগিয়ে যাচ্ছে। অগ্রগতি উৎসাহব্যঞ্জক এবং আই এস অবশ্যই নিশ্চিহ্ন হবে।
মার্কিন ওয়ার কলেজের ডিন জেফ ম্যাকসল্যান্ড নিউইয়র্ক টাইমসকে বলেছেন, বক্তব্য থেকেই বোঝা যায়, সামরিক কৌশল সম্পর্কে ট্রাম্পের কোনো ধারণা নেই। তবে এতে পিছ-পা হননি ট্রাম্প। বলেছেন, এসব বিশেষজ্ঞর সঙ্গে বসলে তিনি সামরিক কৌশল বিষয়ে জ্ঞান দিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *