বিডি নিউজ ৬৪: পরপর দুইবার প্রবল ভূকম্পন অনুভূত হলো ইতালিতে। জানা গেছে, ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী রোমসহ একাধিক প্রাচীন শহর।
স্থানীয় সময় রাত ৭টা ১০ মিনিটে প্রথম ভূমিকম্পে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইতালির রাজধানী রোম থেকে ৫০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত পেরুজিয়া শহর। দ্বিতীয় ভূকম্পনটি অনুভূত হয় দুই ঘণ্টা পর। এর মাত্রা ছিল ৬ দশমিক ১।
তবে ইউএসজিএস বলছে, দুই ঘণ্টার ব্যবধানে মধ্য ইতালিতে দুই দুইবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৪। আর দ্বিতীয়টি ছিল ৬ দশমিক ৪।
ভূমিকম্প দুটিতে অনেকে আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
দেশটির সিভিল প্রোটেকশন প্রধান ফেব্রিজিও কুরসিও বলেন, এ ঘটনায় মাত্র একজন সামান্য আহত হওয়ার খবর পেয়েছি। তবে পুরাতন বিভিন্ন স্থাপনায় ফাটল ধরেছে ও ধসে পড়েছে বলে শোনা যাচ্ছে।
জানা গেছে, ভূমিকম্পের পর বাড়ি থেকে বেড়িয়ে আসেন বাসিন্দারা। এখনও আতঙ্ক কাটেনি তাদের। সামান্য চিড় ধরেছে শহরগুলির বিভিন্ন প্রাচীন সৌধগুলিতে।
ক্যাসেলস্যান্ডেলো সুল নেরার মেয়র মাউরু ফালুচ্ছি জানান, ভূমিকম্পের সময় শহরে বিদ্যুৎ সংযোগ ছিল না। আতঙ্কে শহরের চত্বরে প্রায় ৩০ অধিবাসী জড়ো হন।
এদিকে বিয়ষটি নজরে রাখছেন ইতালীয় প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি। টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘যারা ভূমিকম্প এলাকায় বৃষ্টির মধ্যে কাজ করছেন, আমি তাদের প্রতি ধন্যবাদ জানাতে চাই। আর ক্ষতিগ্রস্ত সব ইতালীয়র প্রতি ভালোবাসা ও সমবেদনা জানাই।
স্থানীয়রা জানিয়েছেন, গত ২৪ আগস্ট দেশে হয়ে যাওয়া ভূমিকম্পের স্মৃতি এখনও দগদগে তাদের মনে। সেই বিপর্যয়ে মৃত্যু হয়েছিল প্রায় ৩০০ জনের। ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল প্রচুর।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল